কাহালুতে কোচের চাপায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট : ২০ জুন ২০১৬, ১৪:০০
বগুড়ার-সান্তাহার সড়কের কাহালু উপজেলায় কোচের চাপায় উজ্জ্বল হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
 
দরগাহাট বাসস্ট্যান্ড থেকে দেড় কিলোমিটার পূর্বে আল-ফারুক প্লাস্টিক ব্যাগ ফ্যাক্টরির কাছে সোমবার ভোর রাতে সান্তাহারগামী একটি অজ্ঞাতনামা কোচ তাকে চাপা দেয়। 
 
জানা গেছে, জয়পুরহাট জেলার আক্কেলপুর থেকে তার নিজ মোটরসাইকেল চালিয়ে বগুড়ার-সান্তাহার সড়ক দিয়ে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন তিনি। যাবার পথে ভোর ৪টার দিকে ওই স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কোচ মোটরসাইকেলসহ চাপা দেয়। উজ্জ্বল হোসেন ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
 
নিহত উজ্জ্বল হোসেন জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের চিয়ারী গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে। উজ্জ্বল হোসেন পেশায় একজন মুদি দোকানি ছিলেন।