বেনাপোল ও নাভারনে জমে উঠেছে ঈদের বাজার

আপডেট : ২০ জুন ২০১৬, ১৭:০৮
যশোরের বেনাপোল, শার্শা ও নাভারনে জমে উঠেছে ঈদের কেনাকাটা। প্রতিটি মার্কেটে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে ঈদের বাজার খানিকটা চড়া বলে অভিযোগ করছেন ক্রেতারা।
 
বেনাপোল, শার্শা ও নাভারনের বিভিন্ন মার্কেটে সরেজমিনে দেখা গেছে, আকর্ষণীয় পোশাকের সংগ্রহ রয়েছে প্রতিটি দোকানেই। বর্ণিল সাজে সাজানো হয়েছে সব কটি বিপণি বিতান। প্রায় সর্বত্রই ভারতীয় ডিজাইনের কাপড় ও শাড়ির সংগ্রহ লক্ষ্য করা গেছে। ভারতের কাশ্মিরী ডিজাইন, সিকোয়েন্সের কাজ, জরি-সুতোর বাহারি নকশার শাড়ি, পাকিস্তানি ঝলমলে কাপড়ে বাহারি সুতোর কাজ করা কাপড়, উজ্জ্বল রঙের জর্জেট, টিস্যু প্রভৃতি কাপড়ে জরি, চুমকি, সুতি কাপড়ে দেশীয় আল্পনার সুতো, এপিক ও স্ক্রিন-বুটিক-বাটিকের পোশাক সম্ভার দারুণ আকর্ষণ করেছে ক্রেতাদের।
 
নাভারণের দোকানদার নাসির উদ্দিন জানান, ঈদ বাজার এরই মধ্যে জমজমাট হয়ে উঠেছে। বিশেষ করে চাকরিজীবীদের হাতে বেতন-বোনাসের টাকা আসলেই কেনাকাটার পুরোদমে ধুম পড়বে যাবে।
 
ক্রেতা মশিয়ার কাজল অভিযোগ করেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মতোই সব ধরনের কাপড়ের দাম গত বছরের তুলনায় এবার অনেক বেশি হাঁকা হচ্ছে।