বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সংসদকে জানিয়েছেন, ২০১৪-১৫ অর্থবছরের হিসাব অনুযায়ী সার্কভূক্ত দেশসমূহের মধ্যে ভারত, পাকিস্তান, ভুটান ও শ্রীলংকার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। তবে আফগানিস্তান, মালদ্বীপ ও নেপালের সঙ্গে বাণিজ্য সম্পর্ক অনুকূলে রয়েছে।
সোমবার সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
নুরুন্নবী চৌধুরী শাওনের এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ জানান, প্রতিবছরই রফতানি বাণিজ্য বাড়ছে। ফলে বাণিজ্য ঘাটতি কমছে। বর্তমানে বাণিজ্য ঘাটতি হ্রাস লক্ষণীয়। ফলে রফতানি বাণিজ্যে গতিশীলতা সৃষ্টি হয়েছে। বিগত কয়েক অর্থবছরের পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী বলেন, ২০১০-১১ অর্থবছরে রফতানির পরিমাণ ছিল ২২ হাজার ৯২৪ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার। ২০১৪-১৫ অর্থবছরে রফতানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ৩১ হাজার ২০৯ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়। ২০১৩-১৪ অর্থবছরে ঘাটতির পরিমাণ ছিল ৯ হাজার ৫০৬ মিলিয়ন মার্কিন ডলার। ২০১৪-১৫ অর্থবছরে ঘাটতির পরিমাণ ৯ হাজার ৭২৯ মিলিয়ন মার্কিন ডলার।
বাণিজ্যমন্ত্রী আরও জানান, চলতি ২০১৫-১৬ অর্থবছরের এপ্রিল পর্যন্ত ঘাটতির পরিমাণ ছিল ৫ হাজার ২৩৯ দশমিক ১ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে গত অর্থবছরে ঘাটতির পরিমাণ ছিল ৮ হাজার ৫৬১ দশমিক ১ মিলিয়ন মার্কিন ডলার। সরকার দলীয় সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের জবাবে তোফায়েল জানান, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে এ বছরের মে পর্যন্ত সময়ে ৩০ দশমিক ৬৬ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করা হয়েছে। এম আবদুল লতিফের প্রশ্নে মন্ত্রী সংসদকে জানান, বর্তমানে শাকসবজি বর্হিবিশ্বে রপ্তানি করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-এপ্রিল পর্যন্ত এই খাতে রপ্তানি আয়ের পরিমাণ ৮৭ দশমিক ৩৭ মিলিয়ন মার্কিন ডলার।
