গাজীপুরে জুয়াড়িদের হামলায় ৩ সাংবাদিক আহত

আপডেট : ২০ জুন ২০১৬, ২১:৫৭
গাজীপুরে জুয়াড়িদের হামলায় তিন সাংবাদিক আহত হয়েছেন।
 
সোমবার বিকালে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আরটিভির গাজীপুরের স্টাফ রিপোর্টার মো. আজাহারুল হক, মোহনা টিভির গাজীপুর প্রতিনিধি মো. আতিকুর রহমান আমিন ও জিটিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন। তাদেরকে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
 
আহত সাংবাদিক মো. আজাহারুল হক জানান, জুয়া খেলার খবর সংগ্রহ করতে গেলে জুয়ার আসরের পরিচালক মো. সফিকুল ইসলাম সফি ও ফারুক হোসেনের নেতৃত্বে ১৫-১৬ জন জুয়াড়ি তাদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাদের ক্যামেরা, মোবাইল ফোন সেট ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
 
এদিকে জুয়াড়িদের হামলায় তিন সাংবাদিক আহত হওয়ার খবর পেয়ে রাতে গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জামিল আহমেদ, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আমানত হোসেন খানসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান।
 
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার রেজাউল হাসান রেজা জানান, হামলাকারীদের দ্রুতি গ্রেফতার করা হবে।