বেশি সেলফি তুললে অল্প বয়সেই বুড়িয়ে যাবে ত্বক

আপডেট : ২১ জুন ২০১৬, ১৩:৪২
বর্তমানে সেলফি তুলার বিষয়টি জীবনের একটা অনুষঙ্গ হয়ে দেখা দিয়েছে। পরিবার-পরিজন, সহপাঠী বন্ধু-বান্ধব থেকে শুরু করে, ক্ষণিকের পরিচয় ফ্রেমে আবদ্ধ রাখতেও সেলফির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। যেকোনো বয়সের নারী-পুরুষ শখের বশবর্তী হয়ে সেলফি দিয়ে নিজেদের চেহারা বা শারীরিক সৌন্দর্য ধারণ করছেন। বলতে গেলে যা বর্তমানে সৌখিন নেশায় পরিণত হয়েছে।  
 
সেলফির নেশায় আচ্ছন্ন নারী-পুরুষদের জন্য এবার বিপদের বাণী শোনাচ্ছেন চিকিৎসকেরা।
 
ত্বক বিশেষজ্ঞ চিকিৎসকদের দাবি, প্রতিনিয়ত মোবাইল ফোনের আলো ও রেডিয়েশনের সামনে নিজের ছবি তুললে তার সবচেয়ে খারাপ প্রভাব পড়ে মুখের ত্বকে। যে কারণে ত্বক কুঁচকে গিয়ে খুব কম বয়সেই বুড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে। যে অংশে সেলফি তোলা হয় ত্বকের সেই অংশে এর প্রভাব পড়ে সবচেয়ে বেশি। এমনকী শুধু সেলফিই নয়, দীর্ঘক্ষণ মোবাইল ঘাঁটলে, স্ক্রিনের থেকে বিচ্ছুরিত নীল আলোও ত্বকের ক্ষতি করে।
 
বিশেষজ্ঞদের মতে, মোবাইল থেকে বেরনো ইলেক্ট্রো ম্যাগনেটিক রেডিয়েশন শরীরের ডিএনএ-তে প্রভাব ফেলে ত্বককে খারাপ করে দেয়। এমনকি ডিএনএ-তে এর প্রভাব এতটাই মারাত্মক হয় যে ত্বককে সারিয়ে তোলার ক্ষমতাও কমে যায়। যে কারণে ত্বক পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়। ডেইলিমেইল।