সিরাজগঞ্জের কামারখন্দে দুর্বৃত্তের গুলিতে আহত সাবেক ইউপি সদস্য মাহবুবুল আলম মিল্টন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার বড় পাকুরিয়া গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।
মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিল্টন জামতৈল ইউপির তিন নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। তিনি আওয়ামী লীগের একজন নেতা ছিলেন।
নিহতের পরিবারের অভিযোগ, এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কার্যকলাপের বিরোধিতা করায় তাকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় নিহতের বড় ভাই মো. আলী জিন্না বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল সরদার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, রবিবার রাত নয়টার দিকে উপজেলা সদর থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন মিল্টন। পথে হালুয়াকান্দি নিশিবাড়ী ব্রিজ পার হওয়ার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের পর সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করায়। তার অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
