গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের উপর হামলা

আপডেট : ২১ জুন ২০১৬, ১৪:৩২
গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় ভ্রাম্যমাণ আদালতের একটি গাড়ির কাঁচ ভাঙচুর করা হয়।
 
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা বাজারে  অভিযানে গেলে ভ্রাম্যমাণ আদালতের উপর ব্যবসায়ীরা এ হামলা চালায়।
 
গাজীপুরের বাজার কর্মকর্তা আব্দুস সালাম জানান, ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক রোজিনা সুলতানা মঙ্গলবার সকালে মহানগরীর চান্দনা চৌরাস্তা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত ওই বাজারের গোবিন্দ ট্রেডার্সে পৌঁছে মেয়াদ উত্তীর্ণ পণ্য মজুদ এবং  অন্যান্য পণ্যে মূল্য তালিকা দেখতে না পাওয়ায় ওই দোকানীকে অর্থদণ্ডের কথা জানান। একপর্যায়ে অতর্কিতে ভ্রাম্যমাণ আদালতের উপর হামলা চালায় বাজারের অন্যান্য ব্যবসায়ী। এ সময় হামলাকারীরা ভ্রাম্যমাণ আদালতের একটি গাড়ির কাঁচ ভাঙচুর করে। পরে পুলিশের সহায়তায় তারা ওই স্থান ত্যাগ করেন।