গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রের লাশ একদিন পর মঙ্গলবার ধানের ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত সুমন মিয়া (১৩) শালমারা ইউনিয়নের পূর্ব মীরেরপাড়া গ্রামের মাইদুল ইসলামের ছেলে ও স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
গোবিন্দগঞ্জ ওসি মোজাম্মেল হক জানান, সুমন সোমবার রাতে বন্ধুদের বাড়ির পার্শ্ববর্তী ফকিরেরহাট বাজারে টেলিভিশন দেখতে যায়। কিন্তু পরে রাতে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে বাড়ির অদূরে পূর্ব মীরেরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি ধানের জমিতে কাঁদামাখা অবস্থায় সুমনের লাশ এলাকাবাসী দেখতে পান। খবর পেয়ে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে শ্বাসরোধে তাকে হত্যা করে দুবৃর্ত্তরা লাশ ফেলে রেখে গেছে। এনিয়ে (বিকাল সাড়ে তিনটার দিকে) থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
