সুন্দরবনে অবৈধ প্রবেশের অভিযোগে ১৬ জেলে আটক

আপডেট : ২১ জুন ২০১৬, ১৭:১১
সুন্দরবনে অবৈধ প্রবেশ করার অভিযোগে ৫টি নৌকাসহ ১৬ জেলেকে আটক করেছে বন বিভাগের স্মার্ট পেট্রোলিং টিম। 
 
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা জেলে পল্লী এলাকা থেকে সোমবার বিকালে আটকের পর মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
 
আটককৃতরা হলেন- মংলার বেল্লাল সেখ, মোহর আলী সেখ, কালাম গাজী, জুলফিকার গাজী, কচুয়ার মারুফ মল্লিক, সোহেল হাওলাদার, সালাম বাবলা, সজীব বাবলা, রামপালের তরিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, নুরুল সেখ, ইসমাইল সেখ, রুহুল আমিন সেখ, আবু সাইদ, মুকুল সরদার, ওবায়দুল্লাহ সেখ। এদের বাড়ি বাগেরহাটের রামপাল, মংলা ও কচুয়া উপজেলার বিভিন্ন গ্রামে।
 
বন বিভাগ জানায়, সুন্দরবনে বারবার অগ্নিকান্ডের ঘটনার পর পূর্ব সুন্দরবনে সব ধরনের পাশ পারমিট বন্ধ করে দেয়া হয়। এরপর ওয়ার্ল্ড হ্যারিটেজ বনের সুরক্ষায় স্মার্ট প্রেট্রোলিং টিমের সদস্যরা কাজ শুরু করে। সোমবার জেলেরা অবৈধভাবে বনে প্রবেশ করে মাছ শিকারের উদ্যেশে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। এ সময় স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা তাদের আটক করে।