বাহরাইনে শিয়া নেতার নাগরিকত্ব বাতিল করায় ক্ষুব্ধ ইরান

আপডেট : ২১ জুন ২০১৬, ২০:১৮
বাহরাইনের সর্বোচ্চ শিয়া নেতা শেখ ইসা কাসিমের নাগরিকত্ব বাতিল নিয়ে দেশটিকে সতর্ক করেছে ইরান।  ইরানের এই অবস্থান বাহরাইনের রাজনৈতিক সংকট আরো জটিল হবে বলে মনে করা হচ্ছে।
 
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির রেভলিউশনারি গার্ডের প্রধান জেনারেল কাশেম সোলেইমানি বলেন, ‘আল খলিফা নিশ্চয় জানেন, শেখ ইসা কাসিমের বিরুদ্ধে আগ্রাসন ছিল একটা সীমারেখা, আর তা অতিক্রমের ফলে বাহরাইন এবং এই অঞ্চল উত্তপ্ত হয়ে উঠতে পারে। এমন সিদ্ধান্তের ফলে মানুষের সশস্ত্র প্রতিরোধ ছাড়া আর কিছুই করার থাকবে না।’ যুক্তরাষ্ট্রও জানিয়েছে, বাহরাইনের এই পদক্ষেপে তারা উদ্বিগ্ন এবং শেখ ইসা কাসিমের নাগরিকত্ব বাতিলের কোনও যৌক্তিকতা নেই।
 
এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শেখ ইসা আল কাসিম তার ধর্মীয় অবস্থানকে দেশের বিরুদ্ধে এবং বিদেশিদের স্বার্থে ব্যবহার করেছেন। তিনি বিচ্ছিন্নতাবাদ ও সহিংসতা উস্কে দিচ্ছেন বলেও ওই বিবৃতিতে অভিযোগ করা হয়।
 
নাগরিকত্ব বাতিলের ঘোষণার পর আল কাসিমের জন্মস্থান দিরাজে ব্যাপক বিক্ষোভের খবর পাওয়া গেছে। তারা বাহরাইনের বাদশা হামাদ বিন ইসা আল-খলিফা এবং সরকারের বিরুদ্ধে শ্লোগান দেন।
 
মাত্র কয়েকদিন আগে প্রধান শিয়া বিরোধী গ্রুপ ওয়েফাক ন্যাশনাল ইসলামিক সোসাইটিকে নিষিদ্ধ ঘোষণা করে বাহরাইন কর্তৃপক্ষ। এর পাশাপাশি সংগঠনটির সব অফিস বন্ধ করে দেয়া হয় এবং সকল সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ দেয়া হয়। এর পরপরই সর্বোচ্চ শিয়া নেতার নাগরিকত্ব বাতিল করা হলো।
 
শেখ ইসা কাসিমকে ওয়েফাকের তাত্ত্বিক নেতা বলে মনে করা হয়। নাগরিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে তার নেতৃত্বে বিভিন্ন সময়ে আন্দোলন করেছে বাহরাইনের শিয়া সম্প্রদায়। উল্লেখ্য, বাহরাইন শিয়া সংখ্যাগরিষ্ঠ একটি আরব দেশ, যার শাসন ক্ষমতায় রয়েছে সুন্নি রাজতন্ত্র। সূত্র: আল জাজিরা ও বিবিসি