গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলে শামীম মিয়াকে (৩০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবীব মঙ্গলবার এ দণ্ডাদেশ প্রদান করেন। শামীম উপজেলার ফরিদপুর ইউনিয়নের মিরপুর বাজারের (পশ্চিমপাড়া) মোতাল্লেব হোসেনের ছেলে।
সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, শামীম দীর্ঘদিন ধরে মদ, গাঁজা ও ইয়াবা সেবন করে আসছিল। নেশার টাকা না পেলে প্রায় তার মাকে নানাভাবে অত্যাচার করতো। এতে অতিষ্ঠ হয়ে তার মা আনোয়ারা বেওয়া সম্প্রতি ইউএনও বরাবরে লিখিত অভিযোগ করেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে তাকে ইয়াবা সেবনের সময় উপজেলার মিরপুর হাইস্কুল মাঠ থেকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
