বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ

আপডেট : ২১ জুন ২০১৬, ২১:৪০
মঙ্গলবার সকাল থেকে ঢাকা-মাওয়া মহাসড়কে সকল ধরনের বাস চলাচল বন্ধ ছিল। শ্রমিকদের ৪৯৪ নম্বর সংগঠনের পুরাতন কমিটি ভেঙ্গে নতুন কমিটি করা নিয়ে বিরোধের জেরে এ রুটে বাস চলাচল বন্ধ হয়। এতে শত শত যাত্রীকে চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে। 
 
মাওয়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন বলেন, শ্রমিকদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে সকাল থেকেই ঢাকা-মাওয়া রুটে বাস চলাচল বন্ধ
যায়। 
 
এদিকে, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নূর হোসেন জানান, শুধু ঢাকা-মাওয়া রুটেই নয়, মুন্সীগঞ্জ-ঢাকা রুটেও বাস চলাচল বন্ধ ছিল। ঢাকা-মুন্সীগঞ্জ রুট বাস চললেও পরে শ্রমিকদের বাধার কারণে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
 
এদিকে ধর্মঘটের ফলে শিমুরিয়া ঘাটে দক্ষিণ বঙ্গের শত শত লোককে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বাস না পেয়ে তারা রেন্ট এ কার, বাইক্রোবাসসহ নানা  যানবাহনে করে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে।
 
অপর দিকে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার পর হতে মহাসড়কে বাসা চলাচল আবার শুরু হয়। বিবাদমান শ্রমিক সংগঠনগুলোর নেতাদের সঙ্গে সমঝোতা হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ায় বাস চলাচল আবারো শুরু হয়।