গাজীপুর সদরের বাঘেরবাজার এলাকায় তিন সাংবাদিকের ওপর জুয়াড়িদের হামলায় ঘটনায় মামলা হয়েছে।
মঙ্গলবার বিকালে আহত মোহনা টিভির গাজীপুর প্রতিনিধি মো. আতিকুর রহমান আমিন বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় জুয়ার আসরের পরিচালক সফিকুল ইসলাম সফিকে প্রধান ও হুকুমের আসামি এবং আমিনুল, ফারুক বেলায়েত হোসেন, তোফাজ্জলসহ ২৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ, গাজীপুরের বাঘেরবাজার এলাকায় প্রকাশ্য জুয়া খেলা হয় এমন খবর পেয়ে আরটিভির গাজীপুরের স্টাফ রিপোর্টার আজাহারুল হক, মোহনা টিভির গাজীপুর প্রতিনিধি আতিকুর রহমান আমিন ও জিটিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন সোমবার বিকেলে সেখানে যান। এ সময় তারা জুয়া খেলার চিত্র ধারণ করার সময় জুয়াড়ি ও তাদের সহযোগীরা তাদের ওপর হামলা করে। এতে ওই তিন সাংবাদিক গুরুত্বর আহত হন।
