ঢাকা-বরিশাল নৌ রুটে ঈদ স্পেশাল সার্ভিস শুরু ২৯ জুন

আপডেট : ২২ জুন ২০১৬, ১০:২৫
 
ঈদ-উল ফিতর উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফেরা যাত্রীদের জন্য বিআইডব্লিউটিসি’র সরকারি জাহাজ ও উপকূলীয় এলাকার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী সি-ট্রাকগুলো ২৯ জুন থেকে স্পেশাল সার্ভিস চালু করতে যাচ্ছে। তবে সিংহভাগ যাত্রী বেসরকারি কোম্পানির লঞ্চে যাতায়াত করলেও বিআইডব্লিউটিএ এখনো লঞ্চের স্পেশাল সার্ভিসের সময় নির্ধারণ করতে পারেনি।
 
সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, বেসরকারি যাত্রী পরিবহন সংস্থার (যাপ) নেতাদের সাথে বৈঠক করে আগামী দু’এক দিনের মধ্যেই লঞ্চের শেস্পাল সার্ভিসের সিডিউল দেয়া হবে। এখন পর্যন্ত যে প্রস্তুতি রয়েছে তাতে ঢাকা-বরিশাল নৌ-রুটে ৫টি রকেট স্টিমার ও ২৩ বেসরকারি কোম্পানির লঞ্চ ঈদে যাত্রী পরিবহন করবে।
 
বিআইডব্লিউটিসি’র ডিজিএম (যাত্রী/ বাণিজ্য) আজমল হোসেন জানান, তাদের মোট ৮টি বড় জাহাজ ২৯ জুন থেকে ঈদ  স্পেশাল সার্ভিসের যাত্রী পরিবহন শুরু করবে। এগুলোর মধ্যে এমভি বার আউলিয়া, এমভি মনিরুল হক ও এমভি মতিন চলাচল করবে চট্টগ্রাম, হাতিয়া ও সন্দ্বীপ রুটে। রাজধানী ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের বরিশাল, ঝালকাঠী, হুলারহাটসহ মোড়েলগঞ্জ পর্যন্ত যাত্রী পরিবহন করবে  পিএস মাহসুদ, অষ্ট্রিচ, লেপচা, এমভি মধুমতি ও এমভি বাঙালি।
 
ঢাকা-বরিশাল রুটে সরকারি এ ৫টি নৌ-যানের সাথে  বেসরকারি কোম্পানির ২৩ টি লঞ্চ যাত্রী পরিবহন করবে। এর মধ্যে ১৭টি লঞ্চ সরাসরি ঢাকা-বরিশাল রুটে চলবে। বাকি ৬টি ঢাকা-বরিশালের সাথে লঞ্চ ঝালকাঠী ও চাঁদপুরের যাত্রী পরিবহন করবে।