‘পলাতক’ এমপি রানা গোপনে সংসদে হাজিরা দিয়ে গেলেন

আপডেট : ২২ জুন ২০১৬, ১০:৩৫
 
‘পলাতক’ এমপি রানা গোপনে সংসদে হাজিরা দিয়ে গেলেন খুনের মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে পুলিশের খাতায় ‘পলাতক’ টাঙ্গাইল-৩ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানা। সোমবার গোপনে সংসদে গিয়ে হাজিরা দিয়ে কিছুক্ষণের মধ্যেই সটকে পড়েছেন। ওই সময় সংসদের অধিবেশন চললেও তিনি অধিবেশন কক্ষে প্রবেশ করেননি।  অধিবেশন কক্ষের ৪ নম্বর লবিতে রাখা হাজিরা বইয়ে সই করে কয়েক মিনিটের মধ্যেই লবি ছেড়ে বেরিয়ে যান তিনি। লবিতে কর্মরত সংসদ সচিবালয়ের একাধিক কর্মচারী এ তথ্য নিশ্চিত করলেও তাদের কেউ উদ্ধৃত হতে রাজি হননি।
 
টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি রানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দীর্ঘদিন ধরে দাবি করে আসছে পুলিশ। রানাকে গ্রেফতারে গত ৬ এপ্রিল টাঙ্গাইলের আদালত পরোয়ানা জারি করে। তিনি ধরা না পড়ার পর ১৬ মে তার মালামাল বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়। পালিয়ে থাকা  রানা সর্বশেষ গত বছরের ৫ জুলাই সংসদের অধিবেশনে যোগ দিয়েছিলেন। ফলে অনুপস্থিতির কারণে সংসদ সদস্যপদ হারানোর ঝুঁকি তার রয়েছে। সংবিধান অনুযায়ী, স্পিকারের অনুমতি ছাড়া কোনো এমপি টানা ৯০ কার্যদিবস অনুপস্থিত থাকলে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে।
 
সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী, সংসদ এলাকায় কোনো এমপিকে গ্রেফতার করতে হলে স্পিকারের অনুমতি নিতে হয়। সংসদের প্রধান ফটকে দায়িত্বরত পুলিশ সদস্য ও লবির গার্ডরা জানান, রানা সোমবার বেলা ১১টার পর নিজস্ব গাড়ি নিয়ে সংসদ ভবনে আসেন। তবে সংসদের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (সার্জেন্ট অ্যাট আর্মস) কমোডর সৈয়দ আরিফুল ইসলাম ও ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস (অপারেশন) সেলিম খানের কাছে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তারা কিছু জানেন না বলে জানান।
 
সোমবার সংসদ অধিবেশনে সকালে শুরুতে কিছুসময় সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া সভাপতিত্ব করেন। রানার বিষয়ে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়াও সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি। সংসদের চিফ হুইপ আ.স.ম ফিরোজ গতকাল মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘আমানুর রহমান সংসদে এসে হাজিরা দেয়ার বিষয়টি আজই আমি শুনলাম। তবে তিনি অধিবেশনে যোগ দেননি। দিলে আমার চোখে পড়ত।’