৫০ কোটি ব্যবহারকারী ইনস্টাগ্রামে

আপডেট : ২২ জুন ২০১৬, ১৩:০১
বিশ্বের ৫০ কোটি মানুষ ব্যবহার করে থাকেন ছবি আদানপ্রদানের সাইট ইনস্টাগ্রাম। এর মধ্যে ৮০ শতাংশের বেশি মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে থেকে সাইটটিতে লগ-ইন করেন।
 
মঙ্গলবার এক বিবৃতে এই তথ্য জানিয়েছে ফেসবুক অধিকৃত ছবি শেয়ারের সাইটটি।
 
গত সেপ্টেম্বরে ইনস্টাগ্রামের ব্যবহারকারীর সংখ্যা ৪০ কোটি ছিলো বলেও ওই বিবৃতিতে জানিয়েছে সংশ্লিষ্টরা।
 
ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গত দুই বছরে তাদের ব্যবহারকারী দ্বিগুণ হয়েছে। বর্তমানে গড়ে দিন প্রতি ৩০ কোটি মানুষ সাইটটিতে প্রবেশ করে থাকেন।
 
জনপ্রিয়তায় ক্ষুদে ব্লগ লেখার সাইট টুইটারকে অনেক আগেই ছাড়িয়ে গেছে ইনস্টাগ্রাম। বর্তমানে ৩০ কোটি মানুষ ব্যবহার করে থাকেন টুইটার। তবে সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেসবুকের চেয়ে যোজন যোজন পিছিয়ে রয়েছে ইনস্টাগ্রাম। বর্তমানে এক দশমিক ছয় বিলিয়ন মানুষ ব্যবহার করেন ফেসবুক।
 
২০১২ সালে এক বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ইনস্টাগ্রামকে কিনে নেয় ফেসবুক। ফেসবুকের অধিগ্রহণের পর নতুন নতুন ফিচার যোগ হতে থাকে ইনস্টাগ্রামে। এতে হু হু করে বাড়তে থাকে সাইটটির ব্যবহারকারীর সংখ্যা। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।