গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় প্রথম শ্রেণির এক ছাত্রীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত লামিয়া আক্তার (৭) বামনডাঙ্গা হাজীবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে উপজেলার বামনডাঙ্গা বাজার থেকে কেরামত খালাশী মুড়ি ও লবন কিনে তার শিশু মেয়ে লামিয়াকে দিয়ে বাড়িতে পাঠায়। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও লামিয়া বাড়িতে ফিরে যায়নি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
বুধবার সকালে স্থানীয়রা ওই এলাকার একটি পাট ক্ষেতে তার গলা কাটা লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠায়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।
