কুষ্টিয়ায় পৃথক ঘটনায় ছুরিকাঘাতে দুই যুবক খুন হয়েছেন। এরা হচ্ছেন- শহরের আড়ুয়াপাড়া এলাকার ইয়াসিন আরাফাত লাল্টু (২২) ও দৌলতপুর উপজেলার দরিয়াপাড়া গ্রামের জানারুল ইসলাম (৩০)। এ ঘটনায় হাতেনাতে গ্রেফতার হয়েছেন রফিকুল ইসলাম রফিক (৪০)। মঙ্গলবার রাতে পৃথক দুটি ছুরিকাঘাতের ঘটনায় ওই দুই যুবক নিহত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুরে টাকা লেনদেন নিয়ে শ্যালক জানারুল ইসলামের সাথে দুলাভাই রফিকের বাকবিতন্ডার একপর্যায়ে দুলাভাই রফিক ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে শ্যালক জানারুল ইসলামকে কুপিয়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী জানারুল ইসলামকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক দুলাভাই রফিককে আটক করে পুলিশে সোপর্দ করে। এদিকে পূর্ব শত্রুতার জের ধরে শহরের আড়ুয়াপাড়া এলাকায় প্রতিবেশী লিটনের ছুরিকাঘাতে ইয়াসিন আরাফাত লাল্টু (২২) গুরুতর জখন হন। ঘটনার পর তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিত্সক উন্নত চিকিত্সার জন্য লাল্টুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিত্সাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
দৌলতপুর থানার ওসি শহিদুল ইসলাম শাহীন জানান, টাকা লেনদেন সংক্রান্ত তুচ্ছ ঘটনা নিয়ে রফিক তার শ্যালক জানারুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে। হত্যাকারী রফিককে আটক করা হয়েছে এবং নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
