খাগড়াছড়ি জেলার রামগড়ে সৌদি প্রবাসী মোমিনুল হককে হত্যা মামলার মূল আসামি আবুল আসাদ মিঠুকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।
গুইমারা থানার এসআই মশিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে ফেনী থানা পুলিশের সহযোগিতায় পাঁছগাছিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পারিবারিক কলহের জের ধরে ভাড়াটিয়া খুনি দিয়ে মোমিনুল হককে হত্যা করে স্ত্রী রাবেয়া বেগম। গত ৩ মে পুলিশ স্ত্রী রাবেয়া বেগমসহ অন্য ৪ হত্যাকারীকে গ্রেফতার করতে সক্ষম হলেও এতোদিন আসল ঘাতক পলাতক ছিল।
সে সময় পুলিশের কাছে আটক রাবেয়া বেগম জানিয়েছিলেন, স্বামীর সঙ্গে তার সংসার জীবন ভাল যাচ্ছিলনা। সৌদি আরব থেকে ফেরার পর স্বামী আমাকে সন্দেহ করতেন। নানা রকম কুৎসা রটাতেন। সর্বশেষ আমার মেয়েকে নিয়ে কুৎসা রটান। যা আমার সহ্য হয়নি। তাই উনার জমানো টাকা দিয়ে শায়েস্তা করার কথা ফুফাতো ভাই ফিরোজকে বলি। কালাম, মিঠু, সাইফুলকে ভাড়া করে ফিরোজ । পরে ৪ ফেব্রুয়ারি রাতে গুইমারার বাইল্লাছড়ির রবীন্দ্র কার্বারী পাড়ায় কবুতরছড়া এলাকায় কুপিয়ে হত্যা করা হয়।
