বাংলাদেশ লড়াইয়ের জন্য প্রস্তুত

আপডেট : ২০ মার্চ ২০১৯, ২১:৩৫

এএফসি অনূর্ধ্ব-২৩

ফুটবল বাছাই

 স্পোর্টস রিপোর্টার

কাতারের দোহায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের কন্ডিশনিং ক্যাম্প শেষ। গতকালই ফুটবলাররা বাহরাইনের পথে রওনা দিয়েছে। আজ সেখানে পৌঁছে অনুশীলনেও নামার কথা রয়েছে ফুটবলারদের। গতকাল রাতে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন ফুটবল দল কাতারে পৌঁছে গেছে।

আগামীকাল বাহরাইনে এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাই ফুটবলে মাঠে নামবে বাংলাদেশ। শুক্রবার গ্রুপের প্রথম খেলা স্বাগতিক বাহরাইনের বিপক্ষে। হাতে আছে আজ একদিন। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল অনুশীলন করে এসেছে কাতারের দোহায়। সেখানে দুটি অনুশীলন ম্যাচও খেলে এসেছে। বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ জেমি ডে পুরো দশটা দিন কাজে লাগানোর চেষ্টা করেছেন দোহায়। অনুশীলনের উন্নত সুযোগ- সুবিধায় ফুটবলারদের ঘষেমেজে তৈরি করার সব চেষ্টা করা হয়েছে। বাড়তি সুবিধা ছিল সেখানে দুটি প্রস্তুতি ম্যাচও খেলার সুযোগ হয়েছে। প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয় ম্যাচে পিছিয়ে পড়ে ১-১ গোলে ড্র করে। জানা গেছে গ্রুপ পর্বে বাছাইয়ে একাদশ তৈরি করাই ছিল কোচের মূল লক্ষ্য। সেটি অনেকটাই এগিয়েছে। কাতারে বসেই একাদশ মাথায় রেখেছেন কোচ জেমি ডে। আজকে হালকা অনুশীলন করিয়ে একাদশ চূড়ান্ত করে ফেলবেন বলে জানা গেছে।

কাতারের আস সাহানিয়া ক্লাবের বিপক্ষে অনূর্ধ্ব-২৩ ফুটবল দল ১-০ গোলে জিতেছে। গত মঙ্গলবার রাতে আল আরাবিয়া ক্লাবের বিপক্ষে প্রথমার্ধে পেনাল্টি হতে গোল হজম করে। দ্বিতীয়ার্ধে গোল শোধ করলে ড্র হয়।

এই দুটি ম্যাচের পারফরম্যান্স আত্মবিশ্বাস বাড়িয়েছে কোচ জেমি ডে-র। জেমির খেলোয়াড়রাও মনোবল পাচ্ছেন লড়াইয়ের। গোল হজম করেও খেলায় ফেরা যায় সেটাই প্রমাণ করেছেন তারা। বাহরাইনে বাংলাদেশের তিনটি ম্যাচ। আগামীকাল স্বাগতিক বাহরাইন ছাড়াও ২৪ মার্চ ফিলিস্তিন এবং ২৬ মার্চ গ্রুপের শেষ খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে।