জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিমুলতলী এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ সানোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি ডাকাতসর্দার বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরের দিকে জেয়পুরহাট-পাঁচবিবি সড়কের শিমুলতলীতে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। পাঁচবিবি উপজেলার বিনশিরা গ্রামের নাছের উদ্দীনের ছেলে সানোয়ার।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, ভোর রাতে শিমুলতলী এলাকায় ডাকাত দল রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। ডাকাতদল পুলিশের উপস্থিতি বুঝতে পরে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করে। এতে ডাকাতসর্দার সানোয়ারের পায়ে গুলি লাগে। ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ সানোয়ারকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে চাকু, ছুড়ি, রডসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গুলিবিদ্ধ সানোয়ার হোসেনকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সানোয়ার হোসেনের বিরুদ্ধে পাঁচবিবি থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র ও ডাকাতিসহ ১৮টি মমলা রয়েছে।
