‘সালাহ’র গোল আসবে আবারো’

আপডেট : ২০ মার্চ ২০১৯, ২১:৩৬

কোচ য়ুর্গেন ক্লপ জানিয়েছেন দুর্ভাগ্যের কারণে মোহামেদ সালাহর খারাপ সময় গেছে। তবে সহসাই আবারো গোল পেতে শুরু করবেন লিভারপুল ফরোয়ার্ডটি। গত দুই মাসে সালাহ কেবল একবারই গোলের দেখা পান। তারপরও ক্লপের শিষ্যরা ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির চাইতে দুই পয়েন্টে এগিয়ে আছেন। সিটি অবশ্য তাদের চাইতে এক ম্যাচ কম খেলেছে। মূলত সাদিও মানের নৈপুণ্যেই লিভারপুল এগিয়ে যাচ্ছে। সেনেগালের এই তারকা ফুটবলার রেডদের হয়ে শেষ ১১ খেলায় সমানসংখ্যক গোল করেন। সালাহ নিজের সেরা নৈপুণ্যে না থাকলেও প্রিমিয়ার লিগে এ দফায় ১৭ গোল করে রেখেছেন। তার সামনে আছেন কেবল সিটির সার্জিও অ্যাগুয়েরো। ক্লপের মতে সালাহর জন্যও উদাহরণ হতে পারেন সাদিও মানে।