ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। এরা হলেন, শৈলকুপা উপজেলার বড়দা গ্রামের মাছুদ রানার স্ত্রী রোজিনা আক্তার তমা (২৮) ও ঝিনাইদহে সদর উপজেলার এনায়েতপুর গ্রামে মনোয়ার হোসেনের ছেলে আলী কদর (৩০)।
বুধবার রাতে ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলায় এসব ঘটনা ঘটে।
প্রথম ঘটনা
বুধবার রাতে ঝিনাইদহ থেকে আলমসাধুতে করে বেশ কয়েকজন যাত্রী তাদের গন্তব্যে যাচ্ছিলেন । আমেরচারা নামক স্থানে পৌঁছালে আলমসাধুটি উল্টে যায়। এতে আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে স্থানীয়রা জেলা সদর হাসপাতালে ভর্তি করায়। এদের মধ্যে আলী কদরের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়া হয়। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।
দ্বিতীয় ঘটনা
শৈলকুপা উপজেলায় বুধবার রাতে রোজিনা সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান এবং শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম পৃথক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
