চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা অদূরে দোয়েল ইটভাটা সংলগ্ন পুকুর থেকে অজ্ঞাত যুবকের (২৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের পরণে জিন্সের প্যান্ট ও গায়ে কালো টি-শার্ট আছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুরে দোয়েল ইট ভাটা সংলগ্ন পুকুরের পাশ দিয়ে চাষীরা কৃষিকাজ শেষে বাড়ি ফেরার পথে একটি লাশ ভাসতে দেখে দামুড়হুদা থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
দামুড়হুদা থানা পুলিশের এস আই বজলুর রহমান জানান, হত্যাকান্ডের কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থান থেকে তাকে নিয়ে এসে পিটিয়ে হত্যা করে এই পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। ৪-৫ দিন আগে এ ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
তিনি আরো জানান, তার গায়ে এবং মাথায় লাঠির আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে।
