ফেডারেশন কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আরামবাগ ক্রীড়া সংঘ ও টিম বিজেএসমি। বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল পৌনে চারটায় শুরু হবে ম্যাচটি।
১০ জুন মাঠে গড়ায় ওয়ালটন ফেডারেশন কাপ। গ্রুপপর্ব ও কোয়ার্টার ফাইনালের বাঁধা পেরিয়ে চারটি দল এখন সেমিফাইনালে। ফাইনালে যাওয়ার লড়াই অনুষ্ঠিত হবে বৃহস্পতি ও শুক্রবার। আর শিরোপা নির্ধারণী ফাইনাল অনুষ্ঠিত হবে সোমবার।
গ্রুপপর্বে ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে আরামবাগ ক্রীড়া সংঘ। গ্রুপপর্বে তারা হারায় আবাহনীর মতো শক্তিশালী দলকে। ১-১ গোলে ড্র করে সকার ক্লাব ফেনীর সঙ্গে। কোয়ার্টার ফাইনালে এসে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মতো শক্তিশালী দলকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালের টিকিট পায় আরামবাগ ক্রীড়া সংঘ।
এদিকে ‘ডি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে টিম বিজেএমসি। তারা গ্রুপপর্বে হারায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো শক্তিশালী দলকে। আর ১-১ গোলে ড্র করে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সঙ্গে। কোয়ার্টার ফাইনালে এসে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পায় টিম বিজেএমসি।
ফেডারেশন কাপে দারুণ খেলা টিম বিজেএমসি ও আরামবাগ ক্রীড়া সংঘ এবার মুখোমুখি। নিজেদের সেরাটা দিয়ে ফাইনালে যেতে প্রস্তুত দুই দলই। কিন্তু একটি দল সুযোগ পাবে ফাইনালে যাওয়ার। অন্যটিকে বিদায় নিতে হবে।
