কালিয়াকৈরে পুরোহিতকে হত্যার চেষ্টা

আপডেট : ২৩ জুন ২০১৬, ১৬:৪৮
 
গাজীপুরের কালিয়াকৈরে দুর্বৃত্তরা স্বপন চক্রবতী (৩৬) নামে মন্দিরের এক পুরোহিতকে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুড়িপাড়া গ্রামের নারায়ণ চক্রবতীর পুত্র।
 
গত বুধবার রাতে কালিয়াকৈর উপজেলার বাগচাপাইর গ্রামের বাসিন্দা ও চাপাইর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হযরত আলীর বাড়ির পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরোহিত স্বপন চক্রবতী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বপন চক্রবতী চাপাইর গ্রামের দয়ানন্দ মন্দিরে পুরোহিত হিসাবে নিয়োজিত আছেন। বুধবার রাতে তিনি পূজা শেষে ওই মন্দির থেকে পায়ে হেটে বাড়ি ফেরার পথে অজ্ঞাত এক ব্যক্তি তার গতিরোধ করে বলেন ‘পশ্চিমের জঙ্গলে বড় আলমগীর তোরে ডাকে’। এ সময় তিনি জঙ্গলের ভিতর যেতে না চাহিলে ওই সন্ত্রাসী তার হাত ধরে জোরপূর্বক জঙ্গলে নেয়ার চেষ্টা করে। একপর্যায়ে একটি মোটরসাইকেল ঘটনাস্থলের নিকট দিয়ে যাওয়ার সময় ওই সন্ত্রাসী তার হাত ছেড়ে দেয়। এ সুযোগে পুরোহিত দৌঁড়ে পার্শ্ববর্তী হযরত চেয়ারম্যানের বাড়িতে উঠে ডাকচিত্কার করলে হযরত চেয়ারম্যান তাকে উদ্ধার করেন এবং  লোকজন সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময়  ৪/৫ জন সন্ত্রাসী জঙ্গল থেকে দৌঁড়ে পালিয়ে যায় বলে হযরত চেয়ারম্যান জানান।
 
এ ব্যাপারে আলাপকালে পুরোহিত স্বপন চন্দ্র বলেন, তাকে পরিকল্পিতভাবে হত্যা করার জন্য সন্ত্রাসীরা ওই জঙ্গলে উেপতে ছিল। সময় মতো একটি মোটরসাইকেল আসায় আমি প্রাণে রক্ষা পাই।
 

কালিয়াকৈর থানার ওসি মো. আব্দুল মোতালেব মিয়া জানান, স্বপন চক্রবতী নিজেই বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে এব্যাপরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।