ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে নতুন কোর্স সংযুক্ত করা হয়েছে। এর ফলে মেধাবী শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে এই প্রথম রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি (সম্মান) অধ্যয়নের দ্বার উন্মোচিত হলো।
বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি প্রতিষ্ঠিত মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে এই নতুন কোর্সটি অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই সাথে বিভাগটির নাম পরিবর্ধন করে 'রোবটিক্স এ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং' করা হয়েছে। আধুনিক প্রযুক্তিময় যুগের চাহিদার প্রেক্ষিতে এবং বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম পর্যালোচনার ভিত্তিতে ২১ জুনের সিন্ডিকেট সভায় বিভাগটির নাম পরিবর্ধনের এ সিদ্ধান্ত গৃহীত হয়। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সিন্ডিকেটের সভায় সভাপতিত্ব করেন।
গতবছরের ৮ সেপ্টেম্বর এ বিভাগটির সূচনা হয়েছিল 'ডিপার্টমেন্ট অব মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং' নামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনে ২০১৫-১৬ সেশন থেকে বিভাগটির শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু এবং শিক্ষক হিসেবে দায়িত্বরত আছেন ড. সেঁজুতি রহমান ও ড. শামীম আহমেদ দেওয়ান।
ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারে এ আধুনিক ও যুগোপযোগী সংযোজন বাংলাদেশের মেধাবী প্রজন্মকে রোবটিক্স এ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করবে, যা দেশে প্রযুক্তি সমৃদ্ধ গার্মেন্টস সেক্টর, পাওয়ার সেক্টর, নবায়নযোগ্য সৌর শক্তি উৎপাদন ও প্রযুক্তি নির্ভর শিল্পায়নের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে।
