ইত্তেফাক রিপোর্ট
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় অনুমোদনহীন জিলেট ব্র্যান্ডের শেভিং ফোম আটক করেছে শুল্ক বিভাগ। আটককৃত ওই পণ্যের দাম প্রায় ৫০ লাখ টাকা। গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কাগজপত্রহীন চোরাইপথে আসা ওই পণ্য রেখে ট্রাক ড্রাইভার পালিয়ে যায়। পরবর্তীতে তা আটক করে কাস্টম হাউজে আনার পর মিথ্যা ঘোষণায় আনা ৬৫১টি কার্টনে মোট ৭ হাজার ৮১২ টি জিলেট শেভিং ফোমের বোতল পাওয়া যায়। ট্রাকটি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে।
প্যারামাউন্ট টেক্সটাইল নামে আমদানিকারক প্রতিষ্ঠান এস ও ডাইস কেমিক্যাল ঘোষণায় ওই পণ্য আমদানি করে। এর সিএন্ডএফ এজেন্ট রুমা ইন্টারন্যাশনাল। যদিও সিএন্ডএফ এজেন্ট পণ্যগুলো তাদের নয় বলে জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অসাধু চক্র অভিনব কৌশলে সরকারের রাজস্ব ফাঁকির অপচেষ্টা করছে। তবে কমিশনারের চৌকস দল এ ধরণের রাজস্ব ফাঁকির অপচেষ্টা নস্যাত্ করে দিচ্ছে।
