আল জাজিরা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ব্রাজিলকে ন্যাটো সদস্য পদ দেওয়ার বিষয়ে তিনি খুবই জোরালোভাবে চিন্তা-ভাবনা করছেন। ব্রাজিল ন্যাটো সদস্য হলে দেশটির সঙ্গে নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে সহযোগিতা বৃদ্ধি পাবে। মঙ্গলবার হোয়াইট হাউসে ব্রাজিলের কট্টোর ডানপন্থি প্রেসিডেন্ট জায়ির বোলসোনারোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে নিজের এমন মনোভাবের কথা জানান ট্রাম্প।
তিনি বলেন, আমি প্রেসিডেন্ট বোলসোনারোকে বলেছি যে, আমরা ব্রাজিলকে ন্যাটোর বাইরের গুরুত্বপূর্ণ সদস্যের মর্যাদা দিতে চাই। তবে যদি আপনারা মনে করেন তাহলে ন্যাটোর সদস্যপদও দেওয়া হবে। ট্রাম্প বলেন, ব্রাজিলের সঙ্গে আমাদের চমত্কার মিত্রতা রয়েছে। এর আগে এমন সম্পর্ক কখনও ছিল না। ব্রাসিলিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বাড়াবে ওয়াশিংটন।
ব্রাজিল থেকে মহাকাশ যান উেক্ষপণের বিষয়ে দেশটির সঙ্গে শিগগিরই চুক্তির কথাও বলেন ট্রাম্প। গত রবিবার বোলসোনারো যুক্তরাষ্ট্র সফরে যান। বোলসোনারো ব্যক্তিগতভাবে ট্রাম্পের নীতির অনুসারী হিসেবে পরিচিত।
২০১৮ সালে দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে কলম্বিয়া প্রথম ন্যাটোর ‘বৈশ্বিক অংশীদার’ হয়। এর অর্থ ন্যাটোর সঙ্গে যুদ্ধে অংশ নিতে বাধ্য নয় কলম্বিয়া। অর্গানাইজেশন ফর ইকনোমিক কো অপারেশন এ্যান্ড ডেভেলপমেন্ট(ওইসিডি) এর সদস্যপদ প্রাপ্তিতে ব্রাজিলকে সাহায্য করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর ব্যাপারে বোলসোনারোর সঙ্গে আলোচনা করবেন তিনি। ট্রাম্প বলেন, ব্রাজিল চমত্কার পণ্য তৈরি করে। অতীতে কোনো সময়ই ব্রাজিলের সঙ্গে আমাদের এত চমত্কার সম্পর্ক ছিল না। বর্তমানে ব্রাজিলের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। বলসোনারো বলেছেন, চীনকে সরিয়ে দিতে যুক্তরাষ্ট্রকে নিজের দেশের বাজার আরো উন্মুক্ত করে দিতে হবে ব্রাজিলের জন্য।
