প্রথম অপেক্ষমাণ তালিকা প্রকাশ, আজ থেকে ভর্তি

আপডেট : ২৫ জুন ২০১৬, ০৯:৫২
 
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য গতকাল শুক্রবার প্রথম অপেক্ষমাণ তালিকায় মনোনীতদের তালিকা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। প্রথম অপেক্ষমাণ তালিকায় ৭ লাখ ১৮ হাজার ৯২২ জন স্থান পেয়েছে। অপেক্ষমাণ তালিকায় আজ শনিবার থেকে ২৭ জুনের মধ্যে শূন্য আসনে ভর্তি করা হবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতকরণ সঙ্গে সঙ্গেই করতে হবে। এরপর ২৮ জুন দ্বিতীয় অপেক্ষমাণ মেধাক্রম প্রকাশ করা হবে।
 
ঢাকা শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা জানান, কোনো শিক্ষার্থী যদি মেধাক্রম অনুযায়ী ভর্তি হয়েও থাকে, সে-ও অপেক্ষমাণ তালিকা থেকে মেধাক্রম অনুযায়ী (শূন্য আসনের বিপরীতে) ভর্তির সুযোগ পাবে। সে ক্ষেত্রে তাকে যে কলেজে ভর্তি হয়েছে তা বাতিল করতে হবে। নিয়মিত ও অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির পরও বিলম্ব ফিসহ ভর্তি হওয়া যাবে ১০ থেকে ২০ জুলাই পর্যন্ত। এবার একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে ১০ জুলাই। গত ১৬ জুন ২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছিল।
 
মেধাক্রমে থেকেও ভর্তি না হওয়া পৌনে তিন লাখ শিক্ষার্থীও অপেক্ষমাণ তালিকার মেধাক্রম অনুযায়ী ভর্তি হবে। এবার একজন শিক্ষার্থী যে কটি কলেজে ভর্তির জন্য আবেদন করেছিল সেগুলোর প্রতিটির জন্যই আলাদা মেধাক্রম করা হয়েছে। এ জন্য অনেক শিক্ষার্থী ভালো ফল করেও অপেক্ষমাণ তালিকায় পড়েছে কিংবা প্রথম দফায় প্রত্যাশিত কলেজে ভর্তির জন্য মনোনীত হয়নি। এ জন্যই প্রথম মেধাক্রমে থাকা অনেক শিক্ষার্থী ভর্তি হয়নি।