তালায় ব্যবসায়ীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা

আপডেট : ২৫ জুন ২০১৬, ১৩:২১
সাতক্ষীরার তালা উপজেলায় এক ব্যবসায়ীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কাজী আবু বক্কর সিদ্দিক জনি উপজেলার গৌরিপুর গ্রামের কাজী আব্দুর রহমানের ছেলে।
 
শুক্রবার রাতে উপজেলার পাটকেলঘাটা থানার গৌরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। তিনি গরুর ব্যবসা করতেন।
 
নিহতের ভাই কাজী রনি জানান, রাত ১০টার দিকে মোবাইলে ফোনে কে বা কারা তাকে ডেকে নিয়ে যায়। তারপর রাতে আর ফিরে আসেনি জনি।  সকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি পাটক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে লোকজন খবর দেয়। তার গলায় গামছা বাধা ছিল এবং শরীরের বিভিন্ন অঙ্গ দিয়ে রক্ত ঝরছিল।
 
তিনি বলেন, ‘মনে হয় জনিকে অন্য কোথাও পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার পর লাশ গামছা দিয়ে বেঁধে সেখানে টেনে নেয়া হয়েছে।’
 
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তথ্যের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার রহস্য উন্মোচনে তদন্ত চলছে।