আজ বেসিস নির্বাচন

আপডেট : ২৫ জুন ২০১৬, ১০:৫৮
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০১৬-১৯ সেশনের নির্বাচন আজ। রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে অবস্থিত বেসিস কার্যালয়ে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট দিতে পারবেন ভোটাররা।
 
বেসিসের সদস্য সংখ্যা ১ হাজারের বেশি হলেও এবার মোট ভোটার সংখ্যা ৫১২। এর মধ্যে সাধারণ ক্যাটাগরিতে ৩৬৪ ও সহযোগী সদস্য ১৪৮ জন।
 
নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ২৮ জন। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করে বেসিস নির্বাচন বোর্ড। ৭ জুন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় দেয়া হয়েছিল। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয় ৮ জুন। এ তালিকা অনুযায়ী এবার বেসিসের নির্বাচনে লড়ছেন ২২ জন। ডিজিটাল ব্রিগেড ও দ্য চেঞ্জ মেকার্স— এ দুই প্যানেলের মোট ১৮ জন প্রার্থীর বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন।
 
‘ডিজিটাল ব্রিগেড’ প্যানেলে সাধারণ সদস্য ক্যাটাগরিতে রয়েছেন— মোস্তাফা জব্বার (আনন্দ কম্পিউটার্স), ফারহানা এ. রহমান (ইউওয়াই সিস্টেমস লিমিটেড), রাসেল টি আহমেদ (টিম ক্রিয়েটিভ), এম রাশিদুল হাসান (সিস্টেক ডিজিটাল লিমিটেড), মো. মোস্তাফিজুর রহমান সোহেল (অ্যাডভান্স ইআরপি (বিডি) লিমিটেড), একেএম আহমেদুল ইসলাম (এটম এপি লিমিটেড), রিয়াদ এসএ হুসেইন (ম্যাগনিটো ডিজিটাল), দেলোয়ার হোসেন ফারুক (র্যাডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেড)। এছাড়া সহযোগী সদস্য ক্যাটাগরিতে রয়েছেন উত্তম কুমার পাল (বেস্ট বিজনেস বন্ড লিমিটেড)।
 
‘দ্য চেঞ্জ মেকার্স’ প্যানেলে সাধারণ সদস্য ক্যাটাগরিতে রয়েছেন— সোনিয়া বশির কবির (মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেড), মোস্তফা রফিকুল ইসলাম (ফ্লোরা টেলিকম লিমিটেড), সৈয়দ আলমাস কবির (মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড), সুফি ফারুক ইবনে আবু বকর (ইভাটিক্স), আজমল হক আজিম (ডিজিকন গ্লোবাল সার্ভিস লিমিটেড), নাজমুল করিম চৌধুরী (গননা টেকনোলজিস লিমিটেড), সাব্বির রহমান তানিম (থার্ডবেল এন্টারটেইনমেন্ট লিমিটেড) ও সাইদুল ইসলাম মজুমদার (মজুমদার আইটি লিমিটেড)। এতে সহযোগী সদস্য ক্যাটাগরিতে রয়েছেন জামান খান (জামান আইটি)।
 
এছাড়া স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন— খন্দকার আবদুল হাফিজ (আই সফটওয়্যার লিমিটেড), আবদুল মতিন ভুঁইয়া (এবিসিও ওভারসিজ করপোরেশন লিমিটেড), রাশাদ কবির (ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেড), এনামুল হক (এসটিএম ভিশন ইনফোটিকস লিমিটেড)।
 
সংশোধিত গঠনতন্ত্রে এটি বেসিসের প্রথম নির্বাচন। ২০১৪ সালের ডিসেম্বরে গঠনতন্ত্রের এ সংশোধনী আনে বেসিস।
 
নতুন সংশোধনী অনুযায়ী কার্যনির্বাহী কমিটির মেয়াদ বাড়িয়ে তিন বছর করা হয়েছে। তবে প্রতি বছর নির্বাচিত কমিটি থেকে তিনজন পরিচালক সমঝোতা বা লটারির মাধ্যমে পদত্যাগ করবেন। এ তিনটি পদে আবার নির্বাচন হবে। সংশোধিত এ গঠনতন্ত্র অনুযায়ী কার্যনির্বাহী কমিটিতে থাকছেন— সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি, দুজন সহসভাপতি, নির্বাহী পরিচালক ও পাঁচজন পরিচালক।