এবার 'সবচেয়ে সস্তার' এলইডি টিভি আনছে রিংগিং বেলস

আপডেট : ২৫ জুন ২০১৬, ১১:২৪
'ফ্রিডম ২৫১' নামের ফোনের পর এবার বাজারের সবচেয়ে সস্তার ৩২ ইঞ্চির এইচডি মানের এলইডি টিভি আনতে যাচ্ছে রিংগিং বেলস। আগামী জুলাই মাসে ভারতের বাজারে আসবে ওই এলইডি টিভি।
 
২৫১ রুপিতে স্মার্টফোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ব্যাপক সাড়া জাগিয়েছিলো ভারতের নয়ডার ওই কোম্পানি। কিন্তু চাহিদার ঠেলায় নাজেহাল দশা হওয়ায় নানা বিতর্কের জন্ম হয়। কিন্তু সে সব সামলে আবার ফিরে এসেছে প্রতিষ্ঠানটি।
 
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, অতীতে যে ভুল করেছিল তা থেকে শিক্ষা নিয়েছে তারা। আর যাতে এ রকম ভুল না হয় সে ব্যাপারে খেয়াল রাখছে কর্তৃপক্ষ। ইতোমধ্যেই প্রতিশ্রুতি অনুযায়ী মোবাইল পৌঁছানোর কাজও শুরু হয়েছে। ৩০ জুনের আগে প্রায় ২৫ লাখ হ্যান্ডসেট গ্রাহকদের কাছে পৌঁছানোর পরিকল্পনাও নিয়েছে সংশ্লিষ্টরা।
 
তবে স্মার্টফোনের পর এবার টেলিভিশনের ক্ষেত্রে চমক দিতে চলেছে রিংগিং বেলস। বাজারের সর্বনিম্ন দামের এলইডি টিভির বর্তমান দামের চেয়ে ১০ হাজার রুপি কমে হাই ডেফিনেশন এলইডি তুলে দেবে তারা।
 
রিংগিং বেলসের সিইও মোহিত গোয়েল এর মতে, ৩২ ইঞ্চি এলইডি টিভির দাম সাধারণত শুরু হয় ১৩ হাজার রুপি থেকে। সেখানে ১০ হাজার রুপি কমে এলইডি টিভি দেবেন তারা।
 
এই টেলিভিশনেরও নাম দেয়া হয়েছে ‘ফ্রিডম’। আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহেই ‘সবথেকে সস্তা’ এই এলইডি টিভি বাজারে আসবে। সূত্র- এনডিটিভি।