নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে আটক করা হয়েছে। এরা হলেন, উপজেলার সরাবাড়িয়া গ্রামের ইসকেন্দার আলী (২৬), নাজমুল হক (২৪), শাকিল হোসেন (২৩) ও জোনাইল গ্রামের রাজু হোসেন (২২) এবং পাবনার চাটমোহর থানার চড়ইকোল গ্রামের হামিদুর রহমান (২৪)।
শুক্রবার দিনগত রাতে উপজেলাধীন বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
পুলিশ জানায়, রাত দুইটার দিকে সন্দেহভাজন হিসেবে ওই পাঁচজনকে আটক করে পুলিশ। এ সময় তাদের বহনকারী ভ্যানে তল্লাশি চালিয়ে রামদা, হাঁসুয়া ও ছুরি পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র মামলা হয়েছে।
