ভারতে নিষিদ্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ-ভাইবার

আপডেট : ২৫ জুন ২০১৬, ১১:৫৭
সম্প্রতি এন্ড-টু-এন্ড এনক্রিপশন যোগ করে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ও ভাইবার। এতে প্রেরক ও প্রাপক ছাড়া তৃতীয় কারো পক্ষে মেসেজ পড়া অসাধ্য হয়ে গেছে। আর এ কারণে জন-নিরাপত্তার দোহাই তুলে হোয়াটসঅ্যাপ-ভাইবারের মতো বেশ কিছু মেসেজিং অ্যাপকে নিষিদ্ধ করার কথা ভাবছে ভারত সরকার। আগামী সপ্তাহের মধ্যেই অ্যাপগুলো নিষিদ্ধ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 
ভারতের হরিয়ানার আরটিআই কর্মী সুধীর ‌যাদবের করা একটি জনস্বার্থ মামলায় দাবি করা হয়েছে, ওই দুই অ্যাপ নিরাপত্তার জন্য মোটেই সহায়ক নয়। তার দাবি, ওই দুই অ্যাপ ব্যবহার করছে সন্ত্রাসবাদী ও অপরাধ জগতের লোকজন। হোয়াটসঅ্যাপ-ভাইবারে এনক্রিপসন থাকার জন্য ওই দুই মেসেস অ্যাপের মেসেজ ট্যাপ করা কঠিন। ফলে জঙ্গিদের নাগাল পাওয়ার ক্ষেত্রে গোয়েন্দারা একেবারেই অসহায় বোধ করছেন।
 
এমনকি, অতি উন্নত ধরনের কম্পিউটারেও ওই মেসেজ পড়া ‌যায় না। তাই এই ধরনের বিপজ্জনক অ্যাপ বন্ধে জনস্বার্থ মামলায় গেছেন সুধীর।
 
সুধীর ‌যাদব আরও জানিয়েছেন, শুধু হোয়াসঅ্যাপ বা ভাইবার-ই নয়, টেলিগ্রাম, হাইক ও সিগন্যালও নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক। সে কারণে এইসব মেসেজিং অ্যাপ ভারতে নিষিদ্ধ করা উচিত।
 
প্রথমে ভারতের কেন্দ্রীয় টেলিকম মন্ত্রণালয়ে ওই অভি‌যোগ জানান সুধীর। কিন্তু টেলিকম মন্ত্রণালয় কোনও ব্যবস্থা না নেওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হন। সূত্র- ইন্ডিয়া টাইমস।