বিজেপিতে বিদ্রোহ, উত্তর-পূর্বে দলত্যাগ ২৫ নেতা-মন্ত্রীর

আপডেট : ২০ মার্চ ২০১৯, ২১:৪৫

ক্ষোভে ফুঁসছে উত্তর-পূর্ব ভারতে বিজেপির সংগঠন। টিকিট না মেলায় অরুণাচল প্রদেশে বিজেপি ছাড়লেন দলের অন্তত ১৮ জন শীর্ষনেতা। এই ১৮ জন নেতার মধ্যে আছেন অরুণাচলে দলের সাধারণ সম্পাদক জারপুন গাম্বিন, স্বরাষ্ট্রমন্ত্রী কুমার ওয়াই এবং পর্যটনমন্ত্রী  জারকার গ্যামলিন। এ ছাড়াও বিজেপি ছাড়লেন আরও ছয় বিধায়ক, যাঁরা বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীতালিকায় জায়গা পাননি। আগামী এপ্রিলে সারা দেশে লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচন হবে উত্তর-পূর্বের সিকিম এবং অরুণাচল প্রদেশেও।

দল ছেড়ে বিদ্রোহী বিজেপি নেতারা যোগ দিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা-র ন্যাশনাল পিপল্স পার্টিতে (এনপিপি), যারা বিজেপি শরিক হওয়া সত্ত্বেও ‘একলা চলো’ নীতিতেই এই ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। গোটা উত্তর-পূর্বে এখনো পর্যন্ত মোট দু’টি দলকে শরিক হিসেবে জোগাড় করতে পেরেছে বিজেপি। এমনকি নিজেদের পুরনো শরিকদের মধ্যেও বিজেপির সঙ্গ ত্যাগ করার প্রবণতা বেড়ে চলেছে ঠিক ভোটের আগে। আনন্দবাজার পত্রিকা

সিকিম ক্রান্তিকারী মোর্চা (এসকেএম) এবং এনপিপি সেই তালিকায় নতুন সংযোজন। অরুণাচলে ছয় বিধায়ক, তিন মন্ত্রী ছাড়াও বিজেপি ছেড়েছেন দলের গুরুত্বপূর্ণ নেতা এবং প্রাক্তন মন্ত্রী শেরিং জুরমে। বিজেপি ছেড়ে আসা নেতা-মন্ত্রী-বিধায়কদের যোগদানের পর এনপিপি নেতা টমাস সাংমা জানিয়েছেন, ‘‘৬০ সদস্যের বিধানসভায় আমরা অন্তত ৪০টি আসনে প্রার্থী দেব। ভোটে জিতলে আমরা একাই সরকার গড়ার চেষ্টা করব।’’