সোশ্যাল মিডিয়া এখন জঙ্গিদের নতুন ডেরা৷ যে কোনও বিছিন্নবাদী কার্যকলাপ দ্রুত ছড়াতে এই মিডিয়ার অলিতে গলিতে ওঁত পেতে বসে আছে সন্ত্রাবাদী তথা চরমপন্থীরা। এই ধরনের কার্যকলাপ রুখতেই এবার বিশেষ পদক্ষেপ নিতে চলেছে ফেসবুক ও গুগলের মতো শীর্ষ ওয়েব জায়ান্টরা৷
সোশ্যাল মিডিয়ায় বিছিন্নতাবাদী কার্যকলাপের প্রচার সারা পৃথিবীর মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন দেশের পক্ষ থেকে গোপনে নজরদারি চালানো হচ্ছে এই মিডিয়াগুলোতে৷ পৃথিবীর এক প্রান্তে থেকে মুহূর্তে অন্য প্রান্তে নাশকতা ছড়িয়ে দিতে এই মিডিয়ার জুড়ি নেই৷ সেই সঙ্গে যোগ হচ্ছে ভয়ানক ভিডিও৷ আইসিসের মতো বিছিন্নতাবাদীদের নৃশংস অত্যাচারের ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়া বা ভিডিও শেয়ারিং ওয়েবসাইটগুলোতে। প্রকাশ্যে হুমকি দিতেও এই মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে। এই পরিস্থিতি রুখতে এবার নড়েচড়ে বসেছে গুগল ও ফেসবুকের মতো প্রতিষ্ঠানগুলো।
যে কোনও বিছিন্নতবাদী কার্যকলাপ রুখতে এবার বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সে কাজ সম্ভব হবে যদি এই ধরনের ‘কনটেন্ট’ চিহ্নিত করে ‘ব্লক’ করা যায়। সেটাই করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কোনও ভিডিও বা বার্তায় যদি বিশেষ কোনও ‘ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট’ থাকে তবে তা ব্লক করার জন্য বিশেষ অ্যালগোরিদম আছে সাইটগুলোর। এবার সেই প্রযুক্তিকেই আরও উন্নতভাবে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। প্রয়োজন হলে ব্যক্তিগতভাবেও কনটেন্ট পরীক্ষা করে দেখা হবে।
জনপ্রিয় সাইটগুলোতে ভিডিও পোস্ট করার নিয়ম এবং সেখানে কী কী বাধ্যবাধকতা আছে সে সম্পর্কে ওয়াকিবহাল সকলেই। তাই ঠিক কী নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে এখনই তা খোলসা করতে নারাজ ওয়েব জায়ান্টরা। তবে এই মাধ্যমে যাতে কোনও বার্তা বা ভিডিও ছড়ানো না যায়, তা নিশ্চিত করতে নিরাপত্তায় ঢালাও রদবদল আনতে চলেছে এই প্রতিষ্ঠানগুলো।
