টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা ও কামাক্ষার মোড়ে পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৭টায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজন এবং ভোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- অটোরিকশা চালক আল আমিন (২২) সল্লার আব্দুর রহমানের ছেলে। যাত্রী একই গ্রামের বিশার ছেলে হরিপদ চন্দ্র (৩১) এবং চাপাইনবাবগঞ্জের আম ব্যবসায়ী আলমগীর হোসেন (৩৮)।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান, শনিবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু পূর্ব- মহাসড়কের উপজেলার জোকারচর হাট থেকে দুইজন যাত্রী নিয়ে সল্লায় ফিরছিলেন অটোরিকশা চালক আল-আমিন। পথিমধ্যে সল্লা নামকস্থান একটি ব্রিজের কাছে পৌঁছলে একই দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাক ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক আল-আমিনের মৃত্যু হয়। এসময় হরিপদ নামের এক যাত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হরিপদ মারা যান।
অন্যদিকে একই দিনে ভোর রাতে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী একটি আম বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকে থাকা আম ব্যবসায়ী আলমগীর হোসেনের মৃত্য হয়। এঘটনায় আহত হয়েছে উভয় পরিবহনের কমপক্ষে ৬জন। আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
