কুয়েটে ৬০ কোটি ৮০ লাখ টাকার বাজেট অনুমোদন

আপডেট : ২৬ জুন ২০১৬, ১৬:৫৭
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৬০ কোটি ৮০ লাখ টাকার রাজস্ব বাজেট অনুমোদন করা হয়েছে।
 
রবিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ বাজেট অনুমোদন করা হয়। একই সঙ্গে ২০১৫-১৬ অর্থবছরের ৪৫ কোটি ৯৫ লাখ টাকার সংশোধিত বাজেট অনুমোদিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও সিন্ডিকেটের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
 
কুয়েট সূত্র জানায়, ২০১৬-১৭ অর্থবছরের মূল বাজেট ৬০ কোটি ৮০ লাখ টাকার মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে সরকারি অনুদানের সম্ভাব্য পরিমাণ ৫৭ কোটি ৩৮ লাখ টাকা, নিজস্ব সূত্র হতে আয় ৩ কোটি ৪২ লাখ টাকা। বরাদ্দের মধ্যে বেতন-ভাতাদি খাতে ৩৭ কোটি ৭৫ লাখ টাকা, পেনশন খাতে ৯ কোটি টাকা, সাধারণ আনুষঙ্গিক খাতে ৬ কোটি ৭০ লাখ টাকা, শিক্ষা আনুষঙ্গিক খাতে ৪ কোটি ৬৫ লাখ টাকা, মেরামত ও সংরক্ষণ খাতে ১ কোটি ৩০ লাখ টাকা এবং মূলধন মঞ্জুরি খাতে ১ কোটি ৪০ লাখ টাকা।
 
সিন্ডিকেট সভায় ২০১৫-১৬ অর্থবছরের জন্য মোট ৪৫ কোটি ৯৫ লাখ টাকার সংশোধিত বাজেটও অনুমোদন করা হয়। সংশোধিত ৪৫ কোটি ৯৫ লাখ টাকার মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে সরকারি অনুদানের পরিমাণ ৪২ কোটি ৬০ লাখ টাকা এবং নিজস্ব সূত্র হতে আয় ৩ কোটি ৩৫ লাখ টাকা। সংশোধিত বরাদ্দের মধ্যে বেতন-ভাতাদি খাতে ৩০ কোটি ৫০ লাখ টাকা, পেনশন খাতে ২ কোটি ৫০ লাখ টাকা, সাধারণ আনুষঙ্গিক খাতে ৬ কোটি ৩৭ লাখ টাকা, শিক্ষা আনুষঙ্গিক খাতে ৪ কোটি ১৮ লাখ টাকা, মেরামত ও সংরক্ষণ খাতে ১ কোটি ২০ লাখ টাকা এবং মূলধন মঞ্জুরি খাতে ১ কোটি ২০ লাখ টাকা।