রায়পুরে দু’টি উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিত্সক সংকট

আপডেট : ২০ মার্চ ২০১৯, ২২:০৩

 

 রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

প্রতিটি উপ-স্বাস্থ্য কেন্দ্রে একজন করে ডাক্তার থাকার নিয়ম থাকলেও গত দশ বছর ধরে রায়পুরের দুটি ইউনিয়নের দু’টি উপ-স্বাস্থ্য কেন্দ্রে কোনো ডাক্তার নেই। এতে খেটে খাওয়া সাধারণ রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আর এ কারণে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের অতিরিক্ত চাপ পড়ে।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্রে জানা গেছে, রায়পুর উপজেলার ১নং চরআবাবিল ইউনিয়নের হায়দারগঞ্জ বাজার এলাকায় একটি ও ৭নং বামনী ইউনিয়নের সাইচা গ্রামে অপর একটি উপ-স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। এ উপ-স্বাস্থ্যকেন্দ্রে একজন করে ডাক্তারের পদ থাকলেও প্রায় ৯-১০ বছর ধরে এ পদগুলো খালি পড়ে আছে।

বামনী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান তাফাজ্জল হোসেন মুন্সী বলেন, প্রায় ৩ থেকে ৪ বছর আগে একজন ডাক্তার এসে ৭ থেকে ৮টি রোগী দেখেছে। এরপর আর কোনো ডাক্তার এই কেন্দ্রে আসেনি। এতে এলাকার সাধারণ মানুষ কোনো ভালো চিকিত্সা পাচ্ছে না। সামান্য সমস্যাতেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হচ্ছে।

হায়দরগঞ্জ এলাকার এমরান হোসেন বলেন, হঠাত্ ঠাণ্ডা ও গরমের কারণে আমাদের পরিবারের দু’জন জ্বরে আক্রান্ত হয়ে স্বাস্থ্যকেন্দ্রে যান। সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও কাউকে না পেয়ে তারা চলে আসেন। পরে প্রায় ১০ কিলোমিটার দূরে রায়পুর সরকারি হাসপাতালে গিয়ে দুইশত টাকা খরচ করে চিকিত্সা নিয়েছেন।

১নং চরআবিল ইউনিয়নের চেয়ারম্যান শহিদ উল্যা বিএসসি বলেন, তার ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রে প্রায় ১০ বছর ধরে কোনো ডাক্তার না থাকায় চিকিত্সা থেকে বঞ্চিত হচ্ছে লোকজন। তাদের ইউপি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দূরত্ব প্রায় ১০-১২ কিলোমিটার। তাই স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে গ্রামের অনেকেই চিকিত্সা নিতে পারছে না। 

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন বলেন, আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট রয়েছে। দু’টি উপ-স্বাস্থ কেন্দ্রের বিষয়ে অবগত আছি। এ বিষয়ে প্রতি মাসেই সিভিল সার্জনকে অবগত করে প্রতিবেদন পাঠানো হচ্ছে। ডাক্তার না থাকায় উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোর প্রভাব স্বাস্থ্য কমপ্লেক্সে বেশি পড়েছে। এতে হাসপাতালের যে ডাক্তার রয়েছে রোগীদের অতিরিক্ত চাপ পড়ছে তাদের উপর। প্রতিদিন ৪ থেকে ৫শ রোগী হচ্ছে হাসপাতালের বহির্বিভাগে।