কুমিল্লা মহানগরীর চর্থা মুন্সিবাড়ি এলাকায় গাড়ির ধাক্কায় গ্যাস লাইনের পাইপ ফেটে আগুন লেগে কমপক্ষে ৫ জন দগ্ধ হয়েছেন।
তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধদের প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এবং বিকালে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নগরীর চর্থা মুন্সিবাড়ি এলাকায় সাবেক ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলামের ৩ তলা বাড়ির নিচতলায় একটি গ্যারেজ ভাড়া নিয়ে একটি এনজিওএর মাইক্রোবাস রাখা হয়। সকালে ওই মাইক্রোবাসটি রাখার সময় বাড়ির দেয়ালসংলগ্ন গ্যাসের রাইজারে ধাক্কা লেগে লাইন ফেটে গ্যাস বের হতে থাকে। এতে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। এ সময় বাড়ি মালিক রফিকুল ইসলাম, পাশের বাড়ির নির্মাণ শ্রমিক মনির হোসেন, রাসেলসহ কয়েকজন ছুটে আসেন। চালক মাইক্রোবাসটি পুনরায় স্টার্ট দিলে গ্যাসে আগুন ধরে যায়। এতে সাবেক ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম, নির্মাণ শ্রমিক জেলার চৌদ্দগ্রামের প্রতাপপুরের ফরিদ মিয়ার ছেলে মনির হোসেন, নগরীর দক্ষিণ চর্থা থিরাপুকুর পাড়ের শুভা মিয়ার ছেলে রাসেল, ফারুক ও নির্মাণ কাজের ঠিকাদার সাইফুলসহ ৫ জন দগ্ধ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধদের মধ্যে রফিকুল ইসলাম, মনির হোসেন, রাসেল ও ফারুককে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এবং অবস্থার অবনতি ঘটলে বিকালে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করা হয়েছে।
কুমিল্লা বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান, ফারুকের ৩০ শতাংশ, মনিরের ৪৫ শতাংশ, রফিকুল ইসলামের ২৫ শতাংশ, রাসেলের ১৬ শতাংশ পুড়ে গেছে।
