যশোরে কে লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে গরুবাহী নসিমনের সংঘর্ষে আশরাফ হোসেন লাল্টু (৪০) নামে এক ব্যবসায়ী নিহত ও অপর তিনজন আহত হয়েছেন।
রবিবার সন্ধ্যার পর যশোর-মাগুরা মহাসড়কের রাঘবপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত লাল্টু হোসেন মাগুরা জেলার শালিখা উপজেলার পোড়াগাছি গ্রামের বাসিন্দা। আহতরা হলেন শালিখার হাজামবাড়ী গ্রামের জাহাঙ্গীর হোসেন ও ইছহাক আলী। অপর আহত নসিমন চালকের নাম জানা যায়নি। এ সময় মারা গেছে নসিমনে থাকা চারটি গরু।
খাজুরা পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ জানান, রবিবার সন্ধ্যায় যশোরের বাঘারপাড়ার খাজুরা বাজার থেকে গরু নিয়ে ব্যবসায়ীরা নিজ এলাকা শালিখায় যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর-মাগুরা মহাসড়কের খাজুরা এলাকার পুলেরহাটে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা কে লাইন পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে নসিমন চালকসহ ৪ গরু ব্যবসায়ী আহত হন। আহত দুজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর দুজনকে মাগুরায় নিয়ে যাওয়া হয়। পরে যশোর মেডিকেল কলেজে আহত লাল্টুর মৃত্যু হয়েছে। এছাড়া নসিমনে থাকা চারটি গরু মারা গেছে।
