পতাকা বৈঠক শেষে মিয়ানমার থেকে চার বাংলাদেশি ফেরত

আপডেট : ২০ মার্চ ২০১৯, ২২:০৫

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

মিয়ানমারে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বেঠক শেষে বিভিন্ন মেয়াদে সাজাভোগকারী ৪ জন বাংলাদেশিকে স্বদেশে ফেরত আনা হয়েছে।

জানা যায়, বুধবার সকাল ১১টায় মিয়ানমারের অভ্যন্তরে মন্ডু ১নং এন্ট্রি/এক্সিট পয়েন্টে বাংলাদেশ ১১ সদস্যবিশিষ্ট বিজিবি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার এবং মিয়ানমার ৮ জন সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মন্ডু ডিস্ট্রিক পুলিশের ডেপুটি ডাইরেক্টর থিন লিন। প্রায় ঘণ্টাব্যাপী আলোচনায় উভয়পক্ষ দু’দেশে মাদক ও চোরাচালান, অবৈধ অনুপ্রবেশরোধ, সীমান্তে সৃষ্ট ঘটনা আলোচনার ভিত্তিতে সমাধানসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়। বৈঠক শেষে মিয়ানমার কারাগারে সাড়ে ৯ বছর সাজা ভোগকারী টেকনাফ সদর ইউপির নাজির পাড়ার মৃত হোসেন আহমদের পুত্র মো: জসিম (৪৪), আব্দুল গফুরের পুত্র মো: ইলিয়াছ (২৯), মৌলভী পাড়ার সুলতান আহমদের পুত্র সাব্বির আহাম্মদ (৩৬) ও আবুল কালামের পুত্র আজগর আলীকে (৩৯) ফেরত দেয়।

বিজিবি প্রতিনিধিদল স্বদেশ ফেরত আসা ৪ জন বাংলাদেশিকে পরিবারের নিকট হস্তান্তরের জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করে।