চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা
নোয়াখালী জেলার চাটখিলের খিলপাড়া বাজারের ব্যবসায়ী আইটি কর্ণারের মালিক ও বিকাশের এজেন্ট কামাল হোসেন (২৪) গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন। বাদুলী গ্রামের বেপারী বাড়ির মৃত শহিদুল্লার ছেলে তিনি।
জানা গেছে, ব্যবসায়ী কামাল মোটরসাইকেলযোগে রাত ১০টার দিকে খিলপাড়া বাজার থেকে বাড়িতে আসার সময় তার বাড়ির দরজায় গেলে ১০/১৫ জন সন্ত্রাসী তার গতিরোধ করে বেদম প্রহার করে মুমূর্ষু অবস্থায় তাকে রাস্তায় ফেলে যায়। এ সময় তার থেকে টাকা নিয়ে যায়। এ সময় এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে এবং এলাকাবাসী কামালকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কামাল বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন।
থানার অফিসার ইনচার্জ এ এস এম সামসুদ্দিন জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। রাতে আহত কামালকে চাটখিল হাসপাতালে দেখতে যান। এবং কামালের কাছ থেকে ঘটনার ও সন্ত্রাসীদের সম্পর্কে তথ্য নেন। থানায় মামলা করলে তিনি ব্যবস্থা নিবেন। খিলপাড়া বাজারের উপর পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও সন্ত্রাসীদের মহড়া সম্পর্কে ওসি জানান, তিনি এই বিষয়ে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নিবেন। আহত কামাল জানান, তার চিকিত্সার পর মামলার সিদ্ধান্ত নিবেন।
