দেশের ক্রমবর্ধমান মোবাইল ফোন গ্রাহকদের চাহিদার আলোকে আসছে নতুন মোবাইল ‘ম্যাংগো’। বর্তমান বাজারে গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে ভালোমান ও উন্নত ফিচারের মোবাইল প্রত্যাশা করেন। গুণগত মান সম্পন্ন ও সাশ্রয়ী মূল্যে দেশের মানুষের কাছে দারুণ সব ডিভাইস পৌঁছে দিতে তাই ম্যাংগো ডিজিটাল লিমিটেড আনছে ‘ম্যাংগো’ মোবাইল।
ডিভাইসের দাম থাকবে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার নাগালে। গ্রাহক চাহিদার কথা বিবেচনায় নিয়ে ম্যাংগো মোবাইলের ক্ষেত্রে গুরুত্ব দেয়া হয়েছে আধুনিক প্রযুক্তি এবং নকশায়। পাশাপাশি সহজ বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে ম্যাংগো মোবাইল দেশব্যাপী ২৫টির বেশি কাস্টমার কেয়ার ও ৮০টি কালেকশন পয়েন্টের মাধ্যমে গ্রাহক সেবা প্রদান করবে।
ম্যাংগো ডিজিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো: ওহাব খান বলেন, দেশের গ্রাহকদের আন্তর্জাতিক মানের হ্যান্ডসেটের অভিজ্ঞতা দিতেই ম্যাংগো মোবাইলের আগমন। আমরা দেশের চাহিদা মিটিয়ে সার্কভুক্ত দেশগুলোতেও মোবাইল রপ্তানি করব। ম্যাংগো ডিভাইসের নকশা, ম্যানুফাকচারিং, ডিস্ট্রিবিউশন এবং সেলস নিয়ন্ত্রণের মাধ্যমে গ্রাহকদের কাছে উন্নতমানের সাশ্রয়ী ডিভাইস পৌঁছে দেয়া হবে। ম্যাংগো মোবাইল গ্রাহক, কর্মী, সমাজ এবং পরিবেশের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, বাংলাদেশের মোবাইল বাজার খুবই সম্ভাবনাময় এবং দ্রুত বর্ধনশীল। দেশের জনগণের বিশাল একটি অংশের হাতে এখনো মোবাইল ফোন পৌঁছেনি। ম্যাংগো মোবাইল এই বিশাল জনগোষ্ঠীর ক্রয়ক্ষমতা এবং চাহিদার কথা মাথায় রেখে ডিভাইসগুলোর নকশা করেছে।
