প্রধানমন্ত্রীর নেতৃত্বগুণের প্রশংসায় রিভা গাঙ্গুলী

আপডেট : ২০ মার্চ ২০১৯, ২২:১২

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে গতকাল বুধবার তার কার্যালয়ে সাক্ষাত্ করেছেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস। আলাপকালে হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বগুণ ও জনগণের প্রতি তার ভালোবাসার ভূয়সী প্রশংসা করেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বাংলাদেশকে অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করে রিভা গাঙ্গুলী দাস বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে। আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এ অঞ্চলের সকল দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনবে।

স্পিকার শিরীন শারমিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সকল ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন আজ দৃশ্যমান। শেখ হাসিনাই নারীর ক্ষমতায়নে অনুকূল পরিবেশ সৃষ্টির মাধ্যমে তৃণমূল পর্যায়ে সরাসরি জনগণের ভোটে নারী জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পথ সুগম করেছেন। পাসপোর্টে পিতার নামের পাশাপাশি মায়ের নাম অন্তর্ভুক্তকরণ ও পিতা-মাতার ভরণ-পোষণ আইন বর্তমান সরকার করেছে। স্পিকার বলেন, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল।

স্পিকার আরও বলেন, দুই দেশের সংসদ সদস্যদের পারস্পরিক সফর ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয়েরই সমৃদ্ধ হওয়ার সুযোগ রয়েছে। তিনি বলেন, এ বছর বাংলাদেশ থেকে তরুণ সংসদ সদস্য ও রাজনীতিবিদদের একটি প্রতিনিধিদল অভিজ্ঞতা বিনিময়ের জন্য ভারতের লোকসভায় যান। লোকসভার সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দলকে বাংলাদেশের জাতীয় সংসদে পাঠানোর অনুরোধ করেন তিনি। ভারতীয় হাই কমিশনার টানা তৃতীয়বারের মত স্পিকার নির্বাচিত হওয়ায় ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানান। পরে হাইকমিশনার সংসদের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।