খুলনায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সোমবার খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে নগরীতে এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাকালে নগরীর রূপসা ঘাটে অতিরিক্ত টোল আদায়ের অপরাধে ঘাট ইজারাদারের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করার অপরাধে নগরীর ফুলবাড়ীগেট এলাকার লতিফ ফুডকে ৬০ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে রূপসা এলাকার ফল ব্যবসায়ী আবুল কালামের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে কেসিসির সিনিয়র ভেটেরিনারি সার্জন ডা. মো. রেজাউল করিম, ভেটেরিনারি সার্জন ডা. পেরু গোপাল বিশ্বাস, স্যানিটারি ইন্সপেক্টর আকমল হোসেন, সেলিম রেজা, নবজিৎ বাইন, জিল্লুর রহমানসহ মেট্রোপলিটন পুলিশের একটি টিম অংশগ্রহণ করেন।
