পরিবহন মালিক সমিতির দ্বন্দ্বে ময়মনসিংহের সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের বাস যোগাযোগ ৬ দিন ধরে বন্ধ রয়েছে।
ট্রাফিক ইন্সফেক্টর মাহাবুব জানান, বিষয়টি ময়মনসিংহ পুলিশ সুপারকে জানানো হয়েছে। পুলিশ সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানে চেষ্টা করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার থেকে ময়মনসিংহ জেলার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের বাস যোগাযোগ বন্ধ হয়। ফলে ময়মনসিংহ থেকে রংপুর, রাজশাহী, খুলনা বিভাগে চলাচলকারী যাত্রী সাধারণ পড়েছে চরম দুর্ভোগে।
ময়মনসিংহ মালিক সমিতি সূত্রে জানা গেছে, গত মে মাসে ময়মনসিংহ থেকে সাতক্ষীরার শ্যামনগর পর্যন্ত শামীম এন্টারপ্রাইজ পরিবহন চালু হয়। চালুর কিছুদিন পর সিরাজগঞ্জ মালিক সমিতির লোকজন সিরাজগঞ্জ বাইপাসে বাস থেকে যাত্রী নামিয়ে দেয়। অপরদিকে ময়মনসিংহ মালিক সমিতির লোকজন যশোহরসহ উত্তর ও দক্ষিনাঞ্চলের মালিকদের বাস চলাচলে বাধা দেয়। ফলে ময়মনসিংহ জেলার সাথে উত্তর ও দক্ষিণাঞ্চলের ৪০টি বাস যোগাযোগ ৬ দিন ধরে বন্ধ রয়েছে।
