ডা. তানজিয়া নাহার তিনা
গ্রীষ্মের দাবদাহে ঠান্ডা এক গ্লাস ফলের রস আত্মপ্রশান্তি এনে দেয় নিমিষে। আর এর ফলেই স্বাস্থ্যকর খাদ্যটি হয়ে পড়ে অস্বাস্থ্যকর। সুস্বাস্থ্যের জন্য ফলের কোনো বিকল্প নেই। ফলের রস দেহে মিনারেলস ও পানির অভাব পূরণের পাশাপাশি ফলের ফাইবার শরীরের অতিরিক্ত ওজন কমিয়ে ফেলে। বিশেষজ্ঞরা বলেন, সপ্তাহে অন্তত তিনদিন বিভিন্ন ধরনের ফলমূল খেলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমে যায়। ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফলমূল শরীরের স্বাভাবিক বিপাক প্রক্রিয়ার জন্যও প্রয়োজন। তবে গোটা ফলের পরিবর্তে রস করে খেলে এর পুরো উল্টো ঘটনাই ঘটে। ফলের রস বা জুসে একসাথে তিন-চারটি ফলের রস থাকে। এতে ফ্রুক্টোজের পরিমাণ যায় বেড়ে। এতে বাড়তি ফ্রুক্টোজের কারণে লিভারের উপর চাপ বেড়ে যায়। বাড়তি ফ্রুক্টোজ ভেঙে শরীরে ফ্যাটে রূপান্তরিত হয়ে রক্ত ও বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে জমা হয়। ফলে তৈরি হয় নানা সমস্যা। যেমন: ফ্যাটি লিভার, ডায়াবেটিস, হাইপ্রেসার ইত্যাদি। তবে একদম ফলের রস খাওয়া যাবে না তাও বলেনি গবেষকরা। তবে তা অবশ্যই নির্দিষ্ট মাত্রায়। তাই ফলের রস খাওয়ার চেয়ে গোটা ফল চিবিয়ে খেলেই বেশি উপকার পাওয়া যায়।
লেখক: চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ
