যশোরে দুটি সেমাই কারখানায় জরিমানা

আপডেট : ২৭ জুন ২০১৬, ২০:৫৬
নোংরা পরিবেশে সেমাই তৈরি ও প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের সময় না লেখায় যশোরে দুটি কারখানায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 
সোমবার দুপুরে বিসিক যশোরের ইউনিভার্সাল ফ্লাওয়ার ও পূবালী ফ্লাওয়ার মিলে এই অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ-উল-আলম ও আনিসুর রহমান একই সময়ে পৃথক অভিযান পরিচালনা করেন।
 
আদালত সূত্রে জানা যায়, বিসিক এলাকার ইউনিভার্সাল ফ্লাওয়ার মিলে সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় তৈরিকৃত সেমাইয়ের প্যাকেটে উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় মিলের ম্যানেজার অরবিন্দু কুমার বিশ্বাসের নামে মামলা দিয়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
 
একইসাথে বিসিকে অবস্থিত পূবালী ফ্লাওয়ার মিলে অভিযান চালায় আরেকটি ভ্রাম্যমাণ আদালত। সেখানে নোংরা পরিবেশে সেমাই তৈরি করা হচ্ছিল বলে আদালত প্রমাণ পান। এ সময় ম্যানেজার রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।